ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত ১২টায় পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় ঈশ্বরদী থানা পুলিশ পাবনা শহরের ঈদগাহ পাড়ার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম।

থানার উপ-পরিদর্শক মো. শরিফুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম শরিফ গত ৪ আগস্ট ঈশ্বরদীর দাশুড়িয়া ট্রাফিক মোড়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে পাবনা শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শরিফকে পাবনা শহরের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন