নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নিখোঁজের দুই দিন পর ভ্যান চালক ইমান আলী প্রামাণিকের (৫৪) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় পাবনা সুগার মিলের পার্শ্ববর্তী রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়। নিহত ইমান আলী মনসিদপুর তেঁতুলতলা এলাকার মৃত জয়নাল প্রামাণিকের ছেলে। এর আগে পার্শবর্তী স্থান তেঁতুলতলা গোডাউন হতে তার ভাতিজার মরদেহ পাওয়া গিয়েছিলো। স্থানীয়রা ধারনা করছেন এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইমান আলী প্রামাণিক গত সোমবার দিবাগত রাতে ভ্যান চালানোর উদ্দেশে বাড়ি থেকে বের হয়। বুধবার সন্ধ্যায় এলাকায় খোঁজাখুঁজির একপর্যায়ে মানিককড় এলাকায় আঞ্চলিক সড়কের পাশে নির্জন স্থানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় পরিবারের সদস্যরা মরদেহটি ইমান আলীর বলে শনাক্ত করেন।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, মরদেহটি উপুড় হয়ে পড়ে ছিল এবং তার হাত-পা ও মুখ বাঁধা ছিল। মরদেহটি অর্ধ-উলঙ্গ অবস্থায় ছিল। প্রাথমিকভাবে দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা কি না, তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের পর। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

