![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সলিমপুর ইউনিয়নের ভারইমারী উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া দুইজন হলেন— বগুড়ার আমিনপুর আশগাঁও গ্রামের রঞ্জু (৩২) এবং সিরাজগঞ্জ সদর মালিগাতি গ্রামের রফিকুল।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ট্রাকে করে কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে এলাকায় ঘুরছিলেন। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে যায় এবং ট্রাকটি আটকানোর চেষ্টা করে। এ সময় ৮-৯ জন ব্যক্তি দ্রুত ট্রাকে উঠে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ দুইজনকে ধরে ফেলে। তাদের কাছ থেকে একটি বড় বোল্ট কাটার, দুটি মোবাইল ফোন ও একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।
ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, পলাতক সহযোগীদের সঙ্গে মিলে তারা গরুর খামার ও বাড়িতে ডাকাতির পরিকল্পনা করছিলেন।

