সার ডিলার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সার ডিলার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সার ডিলার নিয়োগে অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরদীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:  সার ডিলার নিয়োগ নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড় এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা বালাইনাশক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ‘মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান’ ও ‘ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড’-এর স্বত্বাধিকারী নিজাম উদ্দিন।

লিখিত বক্তব্যে নিজাম উদ্দিন বলেন, কোনো ব্যক্তিগত সুপারিশ বা অনৈতিক উপায়ে তিনি সার ডিলারশিপ পাননি। সরকারের নির্ধারিত নীতিমালা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির নিবিড় যাচাই-বাছাইয়ের মাধ্যমেই তাঁর প্রতিষ্ঠানের নামে ডিলারশিপের সুপারিশ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার ভাড়ইমারী আনন্দবাজারে সোহেল রানা সুমন মালিথা নামের এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলেন। নিজাম উদ্দিনের দাবি, দীর্ঘ ১৮ বছর ধরে বাজারে তাঁর ব্যবসায়িক সুনাম রয়েছে। ২০২২ সালে অসংগতি চিহ্নিত হওয়ার পর লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার ভিত্তিতেই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটি চালুর অনুমতি দেয়।

পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত উল্লেখ করে নিজাম উদ্দিন দাবি করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজনৈতিক হয়রানির শিকার হয়েছিলেন। এখন একটি পক্ষ তাঁর রাজনৈতিক পরিচয় ও ব্যবসাকে জড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি এসব অপপ্রচারের নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা বালাইনাশক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোস্তফা জামান নয়ন, সাধারণ সম্পাদক সেলিম হোসেনসহ স্থানীয় কীটনাশক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ঈশ্বরদীতে সাজাপ্রাপ্ত কীটনাশক ব্যবসায়ীকে সারের ডিলার নিয়োগের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে প্রশাসনিকভাবে ইতিপূর্বে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এক কীটনাশক ব্যবসায়ীকে সারের ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ডিলারের নাম নিজাম উদ্দীন। তিনি ‘মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান’ ও ‘ন্যাপ এগ্রোকেমিক্যাল লিমিটেড’-এর স্বত্বাধিকারী।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভারইমারী আনন্দ বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ‘মেসার্স সুমন ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী ও সলিমপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহেল রানা সুমন মালিথা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২২ সালের ২৮ আগস্ট জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের অভিযানে ঈশ্বরদীর ঢুলটি এলাকায় অবস্থিত ‘ন্যাপ এগ্রোকেমিক্যাল’ নামের কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছিল। সরকারি খাতায় অভিযুক্ত নিজাম উদ্দিনের প্রতিষ্ঠানটি অনিয়মের কারণে চিহ্নিত ছিল। তবে তৎকালীন স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে সিলগালার মাত্র এক সপ্তাহের মাথায় প্রতিষ্ঠানটি পুনরায় চালু করা হয় বলে দাবি করা হয়।

সুমন মালিথা জানান, ডিলার নিয়োগের ক্ষেত্রে নীতিমালার ব্যত্যয় ঘটেছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক ওমর শরীফ হানিফ মালিথা, সলিমপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম মণ্ডলসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিজাম উদ্দীন বলেন, কোনো সুপারিশ বা অনৈতিক উপায়ে তিনি ডিলারশিপ পাননি। সরকারের নির্ধারিত নীতিমালা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া মেনেই তাঁকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। একটি পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন জানান, সার ডিলার নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। তবে এ সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন