সার ডিলার নিয়োগে অপপ্রচারের প্রতিবাদে ঈশ্বরদীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:  সার ডিলার নিয়োগ নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পাঠশালা মোড় এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা বালাইনাশক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ‘মেসার্স সবুজ সাথী কীটনাশক বিতান’ ও ‘ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড’-এর স্বত্বাধিকারী নিজাম উদ্দিন।

লিখিত বক্তব্যে নিজাম উদ্দিন বলেন, কোনো ব্যক্তিগত সুপারিশ বা অনৈতিক উপায়ে তিনি সার ডিলারশিপ পাননি। সরকারের নির্ধারিত নীতিমালা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির নিবিড় যাচাই-বাছাইয়ের মাধ্যমেই তাঁর প্রতিষ্ঠানের নামে ডিলারশিপের সুপারিশ করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার ভাড়ইমারী আনন্দবাজারে সোহেল রানা সুমন মালিথা নামের এক ব্যবসায়ী সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলেন। নিজাম উদ্দিনের দাবি, দীর্ঘ ১৮ বছর ধরে বাজারে তাঁর ব্যবসায়িক সুনাম রয়েছে। ২০২২ সালে অসংগতি চিহ্নিত হওয়ার পর লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করার ভিত্তিতেই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটি চালুর অনুমতি দেয়।

পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত উল্লেখ করে নিজাম উদ্দিন দাবি করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাজনৈতিক হয়রানির শিকার হয়েছিলেন। এখন একটি পক্ষ তাঁর রাজনৈতিক পরিচয় ও ব্যবসাকে জড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি এসব অপপ্রচারের নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা বালাইনাশক অ্যাসোসিয়েশনের সহসভাপতি মোস্তফা জামান নয়ন, সাধারণ সম্পাদক সেলিম হোসেনসহ স্থানীয় কীটনাশক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন