শারদীয় উৎসব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শারদীয় উৎসব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দুর্গাপূজায় ঈশ্বরদী ও আটঘরিয়ায় ২৫০ পরিবারে শাড়ি বিতরণ

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ার অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে ২৫০টি শাড়ি বিতরণ করা হয়েছে। জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল এই উপহার সামগ্রী বিতরণ করেন।

রোববার বিকেলে ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়াস্থ নিজ কার্যালয়ে এসব শাড়ি বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া ২৫০টি শাড়ির মধ্যে ঈশ্বরদী উপজেলায় ১৬৫টি এবং আটঘরিয়া উপজেলায় ৮৫টি শাড়ি দেওয়া হয়। নিজ নিজ এলাকায় বিতরণের জন্য উপজেলার ৩৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব উপহার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমির ডা. নুরুজ্জামান প্রামাণিক, পৌর জামায়াতের আমির মাওলানা গোলাম আযম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন কর্মকারসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।

ঈশ্বরদীর ৩৫টি মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় কড়া নজরদারি

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই দুর্গোৎসব শুরু হয়। প্রচলিত শাস্ত্রীয় মতে, এবার দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোড়ায় চড়ে।

পঞ্জিকা অনুযায়ী পাঁচ দিনব্যাপী চলবে এ উৎসব। আজ শনিবার মহাসপ্তমী, আগামীকাল রোববার মহাঅষ্টমী ও কুমারী পূজা, সোমবার মহানবমী এবং মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার ঈশ্বরদী পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নের ৩৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, মণ্ডপে মণ্ডপে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আলোকসজ্জা করা হয়েছে মন্দির ও আশপাশের এলাকা। নির্মাণ করা হয়েছে বর্ণাঢ্য তোরণ।

ঈশ্বরদী মৌবাড়ি দুর্গা মন্দির ও সত্য নারায়ণ বিগ্রহ ঠাকুর বাড়ি বারোয়ারি মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ বলেন, শুক্রবার সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে দেবীর আগমন ঘটেছে। পূজার প্রস্তুতি থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছু ভালোভাবে চলছে। সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন হবে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার চক্রবর্তী জানান, সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত আছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পূজা চলাকালে মণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো উপজেলার মণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন