নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই দুর্গোৎসব শুরু হয়। প্রচলিত শাস্ত্রীয় মতে, এবার দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোড়ায় চড়ে।
পঞ্জিকা অনুযায়ী পাঁচ দিনব্যাপী চলবে এ উৎসব। আজ শনিবার মহাসপ্তমী, আগামীকাল রোববার মহাঅষ্টমী ও কুমারী পূজা, সোমবার মহানবমী এবং মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
ঈশ্বরদী উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবার ঈশ্বরদী পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নের ৩৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সরেজমিন ঘুরে দেখা যায়, মণ্ডপে মণ্ডপে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আলোকসজ্জা করা হয়েছে মন্দির ও আশপাশের এলাকা। নির্মাণ করা হয়েছে বর্ণাঢ্য তোরণ।
ঈশ্বরদী মৌবাড়ি দুর্গা মন্দির ও সত্য নারায়ণ বিগ্রহ ঠাকুর বাড়ি বারোয়ারি মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ কুমার সরাফ বলেন, শুক্রবার সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে দেবীর আগমন ঘটেছে। পূজার প্রস্তুতি থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছু ভালোভাবে চলছে। সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে পূজা সম্পন্ন হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার চক্রবর্তী জানান, সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত আছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, পূজা চলাকালে মণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো উপজেলার মণ্ডপগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

