নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে একটি যৌথ মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ইজিবাইকের ৮১টি ব্যাটারি চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। ৬ জুলাই, সোমবার রাত ৮টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা হাটে অবস্থিত ‘থ্রি স্টার ব্যাটারি হাউজ’ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের তিন মালিক জাকারিয়া সুমন, জামিলুর রহমান সবুজ ও আরিফুল ইসলাম।
লিখিত বক্তব্যে জামিলুর রহমান সবুজ জানান, গত বছরের ৩১ ডিসেম্বর রাতে থ্রি স্টার ব্যাটারি হাউজের সাটার ভেঙে ইজিবাইকের ৮১টি ব্যাটারি, নগদ টাকা ও সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় চলতি বছরের ১ জানুয়ারি ঈশ্বরদী থানায় একটি মামলা করা হয়।
ব্যবসায়ীদের অভিযোগ, মামলার পর দীর্ঘ ছয় মাস পেরিয়ে গেলেও পুলিশের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা মেলেনি। তদন্ত কর্মকর্তা এখন পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেননি এবং কোনো আলামতও সংগ্রহ করেননি।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২৮ মে এলাকার ‘জাবির ট্রেডার্স’ নামের আরেকটি দোকানে চুরির ঘটনা ঘটে। সেখান থেকেও প্রায় দুই লাখ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়। তবে পুলিশ এখন পর্যন্ত কোনো ঘটনার সঙ্গেই জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, তদন্তকারী কর্মকর্তা দফায় দফায় বদলি হওয়ার কারণে থ্রি স্টার ব্যাটারি হাউজের চুরির মামলার তদন্তে কিছুটা বিলম্ব হয়েছে। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ এখন কাজ করছে।





