ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৫ সালের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার পাকশীর হাসেম আলী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মো. আরজাহান আলী। প্রধান অতিথি ছিলেন পাকশি রেলওয়ে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. তানবীর সুমন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান, সহসভাপতি সেলিম সরদার এবং আন্তঃউপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

আয়োজকেরা জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বৃত্তি পরীক্ষায় ৩৮৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৮২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ টাকা, সনদ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম রেজা অনুষ্ঠানটি পরিচালনা করেন। এতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সভাপতি মজিবুর রহমান।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন