নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বালু মহাল দখল নিতে গিয়ে আবারও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ‘কাকন বাহিনীর’ বিরুদ্ধে। এতে সোহান হোসেন (২৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সকালে উপজেলার সাঁড়াঘাট ও ইসলামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সোহান উপেজলার মাজদিয়া চৌধুরীপাড়া গ্রামের সাহাবউদ্দিন মোল্লার ছেলে। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, কুষ্টিয়ার দৌলতপুর, ভেড়ামারা, নাটোরের লালপুর ও ঈশ্বরদী এলাকার বালু মহাল দখলে রাখতে দীর্ঘদিন ধরে সশস্ত্র প্রভাব বিস্তার করছে পদ্মার চরের কুখ্যাত পান্না বাহিনীর নেতা কাকন আলী ওরফে ইঞ্জিনিয়ারের লোকজন। সাঁড়াঘাট এখনো তাদের নিয়ন্ত্রণে না আসায় সম্প্রতি সেখানে একাধিকবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এর আগে ৫ জুনও একইভাবে গুলি চালানো হয়। সেই ঘটনার রেশ কাটতেই আজ শনিবার সকালে কাকন বাহিনী আবারও স্পিডবোট আর নৌকা নিয়ে এসে গুলি চালায়।
গুলিবিদ্ধ সোহান বলেন, ‘আমি গরুর জন্য ঘাস কাটছিলাম। হঠাৎ করে একটি স্পিডবোট ও নৌকা থেকে গুলি ছোড়া শুরু হয়। আমি একটু ওপরে উঠে দেখার চেষ্টা করলে গুলি এসে হাতে লাগে।’
এ ঘটনার পর ঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। একজন যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে জেনেছি। তাঁর পরিচয় নিশ্চিত করে তদন্ত শুরু করেছি।’
সাঁড়াঘাটের ইজারাদার মেহেদী হাসান ও টনি বিশ্বাস বলেন, ‘কাকন বাহিনী নিয়মিত আমাদের কাছে চাঁদা দাবি করে। রাজি না হলে সশস্ত্র হামলা চালায়। এতে শুধু ব্যবসা নয়, কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অথচ প্রশাসন নিরাপত্তা দিতে পারছে না।’
কাকন আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


.jpeg)

