নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলার চররূপপুর এলাকায় ব্যক্তিগত জমি থেকে জোরপূর্বক বালু ও মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী খালেক ও তার সহযোগীদের বিরুদ্ধে।
শনিবার দুপুরে চররূপপুরের জিসান হৃদ স্কুল সংলগ্ন সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভুক্তভোগী জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, চররূপপুর মৌজার একাধিক ব্যক্তির ব্যক্তিগত জমি থেকে জোর করে বালু ও মাটি তোলা হচ্ছে। এতে একদিকে জমির মালিকেরা ক্ষতির মুখে পড়ছেন, অন্যদিকে পরিবেশও হুমকির মুখে।
বক্তারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন বন্ধ করা, এ কাজে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা, লুট করা অর্থ ও সম্পদ উদ্ধার করে ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টন করা, উত্তোলন করা বালু সরকারি বিধি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের মাঝে বন্দোবস্ত করা ও রাস্তার দুই পাশে ও মসজিদের সামনে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্ত জমির মালিক শাহানুজ্জামান সেনা, আব্দুল মান্নান, জান্নাতুল ফেরদৌসসহ অনেকেই।
এ বিষয়ে অভিযোগের মুখোমুখি খালেক বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। আমি কারও ব্যক্তিগত জমি থেকে জোর করে বালু বা মাটি তুলি না। এলাকার কিছু মানুষ আমার সুনাম ক্ষুণ্ণ করতে এসব মিথ্যা প্রচার চালাচ্ছে।’
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাশ বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা সরেজমিনে তদন্ত করব। কারো ব্যক্তিগত জমিতে জোর করে বালু বা মাটি উত্তোলন করার কোনো অধিকার নেই। প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

