নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও পরিদর্শকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। গত শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আতিকুর রহমান। এতে ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মান্নান টিপুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডের জন্য সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ১৭২ জন তথ্য সংগ্রহকারী ও পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের ডিজিটাল পদ্ধতিতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কৌশল ও মুঠোফোন অ্যাপ ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দুই দিনের মধ্যে এই প্রশিক্ষণ সম্পন্ন হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান জানান, প্রশিক্ষিত কর্মী ও পরিদর্শকেরা টানা ৪৫ দিন ঈশ্বরদীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে বরাদ্দ সাপেক্ষে কার্ড বিতরণ করা হবে।
