ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু


নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাশুড়িয়া পূর্বপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠপর্যায়ে নিয়োজিত কর্মী ও পরিদর্শকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত সমাজসেবা কর্মকর্তা এ্যানি বড়ুয়া, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকীসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দাশুড়িয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও যাচাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবারগুলোকে চিহ্নিত করতে ১ জন পরিদর্শক ও ১৪ জন তথ্যসংগ্রহকারী নিয়োজিত রয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের তালিকাভুক্ত করার ক্ষেত্রে এ কার্যক্রম বড় ভূমিকা রাখবে।
স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন