ঈশ্বরদীতে গাছচাপায় ইমাম নিহত, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নিজ বাড়িতে গাছ কাটার সময় চাপা পড়ে মাওলানা মুফতি নজরুল ইসলাম নামের এক ইমাম নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুফতি নজরুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমলাক হোসেন বাবু বিশ্বাস।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুফতি নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকার পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজ গ্রামে একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে প্রায় দুই মাস আগে চাকরি ছেড়ে গ্রামে ফিরে রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদে খতিবের দায়িত্ব নেন।

শনিবার সকালে বাড়ির পাশে একটি বিটুলি গাছ কাটার সময় হঠাৎ সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন