ঈশ্বরদীতে পূজামণ্ডপ, গুচ্ছগ্রাম ও থানা পরিদর্শন করলেন পাবনার জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম, ভূমি অফিস, পূজামণ্ডপ ও থানা পরিদর্শন করেছেন পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

সোমবার দুপুরে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

দুর্গোৎসব নির্বিঘ্নে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উদ্‌যাপন নিশ্চিত করতে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এর আগে সকালে তিনি উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রাম, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস এবং মাড়মী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামে বসবাসরত উপকারভোগীদের সঙ্গে কথা বলেন এবং সেখানকার কবরস্থান ও মন্দির ঘুরে দেখেন।

গুচ্ছগ্রামে কয়েকটি টিনশেড ঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় সেগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট পরিবারগুলোকে ঢেউটিন দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। পরে আশ্রয়ণ প্রকল্পে একটি আমগাছের চারা রোপণ করেন এবং উপকারভোগীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।

এরপর জেলা প্রশাসক ঈশ্বরদী থানায় পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি থানার ডিউটি কক্ষ, হাজতখানা ও উপপরিদর্শকদের কক্ষ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরিদর্শনকালে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিহাব উদ্দিনসহ অন্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন