নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ঠিকাদারের কাছ থেকে ২ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের নতুন রূপপুর এলাকার ইসলাম মণ্ডলের ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৭) ও দীপ্ত ইসলাম (২৫)। পুলিশ জানিয়েছে, তাঁরা এলাকায় একটি কিশোর গ্যাং পরিচালনার সঙ্গে জড়িত।
প্রতারণার এই ঘটনায় ৩ সেপ্টেম্বর ঈশ্বরদী থানায় মামলা হলেও বুধবার পুলিশ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান রাশিয়ার ‘এটমস্ট্রয়এক্সপোর্ট’ (এএসই) ও ‘ইএসকেএম’ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিত। পরবর্তীতে ভুয়া কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার), মালামাল কেনাকাটা, বিল পাস ও ভ্যাট-ট্যাক্স পরিশোধসহ নানা অজুহাতে অর্থ হাতিয়ে নিত। এভাবে পাকশী ইউনিয়নের বাঘইল পূর্বপাড়ার বাসিন্দা ঠিকাদার মোহাম্মদ বিন ছালামের কাছ থেকে নগদ ২ কোটি ৫ লাখ ৭৫ হাজার টাকা এবং ৪৪ লাখ টাকার মালামাল আত্মসাৎ করা হয় বলে অভিযোগ ওঠে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সঞ্জয় চক্রবর্তী জানান, গত ৬ সেপ্টেম্বর আসামি দীপ্ত ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। অপর আসামি সুপ্ত ইসলাম জীবন গত ৬ জুলাই অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলহাজতে রয়েছেন।
পুলিশ জানায়, প্রতারণার পাশাপাশি এই চক্রটি মাদক কারবারের সঙ্গেও জড়িত।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে চক্রটির বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ আসছিল। সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
