নিজস্ব প্রতিবেদক: পথচলার অর্ধশত বছর পূর্ণ করে ৫০ বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ। এ উপলক্ষে সংগঠনটির সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনব্যাপী উৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার পরিষদ চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে সংগঠনের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য ও সাহিত্যিক মজিবুর রহমান বিশ্বাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়। উৎসবের প্রথম দিন সন্ধ্যায় কবি মজিদ মাহমুদের জীবন ও সাহিত্যকর্মের ওপর বিশেষ আলোচনা সভা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
সুবর্ণজয়ন্তীতে পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক আশিকুর রহমান লুলু, মোস্তাক আহমেদ কিরণ, প্রকৌশলী ওহিদুর রহমান ঝন্ট, সাধারণ সম্পাদক এস আলমগীর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হুমায়ুন কবীর, ঈশ্বরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. জাহিদুর রহমান, সরকারি এস এম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিপু, অধ্যাপক হাসানুজ্জামান, প্রবীণ সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু এবং নির্বাহী সদস্য আদু বালা শীল। পরিষদের সহসম্পাদক আতাউর রহমান বাবলুর সঞ্চালনায় কবি মজিদ মাহমুদের জীবনালেখ্য উপস্থাপন করেন সাংবাদিক সেলিম সরদার। আলোচনা সভা শেষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।
তিন দিনব্যাপী এই উৎসবে শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা, স্মারক পদক প্রদান, বৃক্ষরোপণ এবং নানামুখী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে উৎসবের দ্বিতীয় দিন গত শুক্রবার বিকেলে শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজুল ইসলাম মামুন।
সর্বশেষ সমাপনী দিনে ঈশ্বরদীর দুই কৃতি ব্যক্তিত্বকে গুণীপদক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে শিল্প-সাহিত্যে বিশেষ অবদান রাখায় সংগঠনের সভাপতি ও প্রবীণ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান কামালকে ‘সাহিত্যিক মুজিবুর রহমান বিশ্বাস ভবঘুরে গুণীপদক’ এবং সমাজসেবা, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমণ্ডলে অবদানের জন্য যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজুল ইসলাম মামুনকে ‘সাংবাদিক মহসীন রিয়াজী সম্মাননা’ প্রদান করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১ অক্টোবর ঈশ্বরদী কলেজ মাঠে স্থানীয় শিল্প-সাহিত্যপ্রেমী একঝাঁক মানুষের হাত ধরে পাঁচ সদস্যের একটি প্রাথমিক কমিটির মাধ্যমে ঐতিহ্যবাহী এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। সংগঠনের সভাপতি প্রবীণ আইনজীবী মোস্তাফিজুর রহমান কামাল জানান, প্রতিষ্ঠাকালে নিজস্ব কার্যালয় না থাকায় কিছুদিন তাঁর নিজের বাসভবন ও মুক্তিযোদ্ধা কার্যালয়ের পাশে কার্যক্রম পরিচালনা করা হতো। পরবর্তীতে শহরের স্টেশন সড়কে এর স্থায়ী কার্যালয় নির্মিত হয়। বর্তমানে প্রায় দুই হাজার বইসংবলিত একটি সমৃদ্ধ পাঠাগার পরিচালনাসহ নিয়মিত সাহিত্যচর্চা এবং সংগীত ও সংস্কৃতি বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।

