নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে মাদক সেবনের সময় উপজেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আলমকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে তাঁর বাড়ির ভাড়াটিয়া মো. আব্দুর রাজ্জাককে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
বুধবার সন্ধ্যায় উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা এলাকায় এই অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের উপপরিদর্শক মোরাম হোসেন আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মাহফুজের বাড়ির পেছন থেকে আব্দুর রাজ্জাককে আটক করে তাঁর পকেটে থাকা সিগারেটের প্যাকেট তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। পরে মাহফুজের শয়নকক্ষে অভিযান চালিয়ে তাঁকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
অধিদপ্তর জানায়, গ্রেপ্তার আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে মাহফুজ আলমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
এদিকে মাহফুজের দলীয় পদের বিষয়ে ঈশ্বরদী উপজেলা জাতীয়তাবাদী তাঁতীদলের সভাপতি নাফিস আহমেদ আরিফ বলেন, ‘মাদকসহ আটকের বিষয়টি জানার পর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা কমিটির কাছে জানানো হয়েছে। অচিরেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’
