নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে ঈশ্বরদীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বাধা এবং নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বেলা ১১টায় ঈশ্বরদী বাজারের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার নেতাকর্মীরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক দাম বাড়ার প্রতিবাদে পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে তারা শান্তিপূর্ণ পথসভা ও লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ওমর শেখ শান্ত নামের ছাত্রদলের এক নেতা এসে কর্মসূচিতে বাধা দেন এবং উপস্থিত নেতাকর্মীদের হুমকি দেন। এতে কিছু সময়ের জন্য সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের দাবি, অভিযুক্ত ব্যক্তি অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপির ঈশ্বরদী উপজেলা শাখার সদস্যসচিব সুলতান মাহমুদ বিদ্যুৎ বলেন, ‘জনস্বার্থ ও দেশবাসীর ন্যায্য অধিকারের পক্ষে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। গণতান্ত্রিক পরিবেশে এই ধরনের বাধা ও হুমকি মেনে নেওয়া যায় না।’ তিনি অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থার দাবি জানান।
অভিযুক্ত ওমর শেখ শান্ত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি এবং পৌরসভার বকুলের মোড় এলাকার সাইদুল ইসলামের ছেলে। এ বিষয়ে জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন বলেন, ‘ছাত্রদলের পরিচয় ব্যবহারকারী ওমর শেখ শান্ত বিগত সরকারের সময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তৎকালীন সময়ে তাঁর ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকার ছবি আমাদের কাছে আছে। বর্তমানে তিনি ঈশ্বরদীতে বিএনপির একটি বলয়ের হয়ে ছাত্রদলের পরিচয় দিয়ে রাজনীতি করছেন।’
অন্যদিকে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু জানান, তিনি ওই কর্মীকে ব্যক্তিগতভাবে চেনেন না। তবে ধারণা করছেন, তিনি হয়তো সাবেক সভাপতি নয়নের বলয়ের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন।

