ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পাবনা জেলা বিএনপি এই কমিটি অনুমোদন করে।

শুক্রবার রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাসুদুর রহমান মাসুদ খানের স্বাক্ষর করা পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

অনুমোদিত ঈশ্বরদী উপজেলা বিএনপির ৪৮ সদস্যের আংশিক কমিটিতে জিয়াউল হক সন্টু সরদারকে আহ্বায়ক, আজমল হোসেন সুজনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শরিফুল ইসলাম তুহিনকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া কমিটিতে চারজনকে যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সদস্য রাখা হয়েছে।

অন্যদিকে, ঈশ্বরদী পৌর বিএনপির ৩৭ সদস্যের নতুন কমিটিতে মাহবুবুর রহমান পলাশকে আহ্বায়ক, আজমল হোসেন ডাবলুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইমরুল কায়েস সুমনকে সদস্যসচিব করা হয়েছে।

জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা আহ্বায়ক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে এবং পৌর কমিটিকে আগামী ২০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ তিন নেতার যৌথ স্বাক্ষরে সংশ্লিষ্ট সব ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন