ঈশ্বরদীতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে বিষধর সাপের কামড়ে রাজিয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের বাড়াহাউসিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাজিয়া খাতুন ওই গ্রামের আবু মুসার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রাতে নিজ ঘরে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছিলেন ওই বৃদ্ধা। ঘুমের মধ্যে কোনো একসময়ে বিষধর সাপ তাঁকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে তিনি পরিবারের সদস্যদের জানান।

পরিবারের লোকজনের সাপের কামড় বলে সন্দেহ হলে তাঁরা বৃদ্ধাকে প্রথমে স্থানীয় এক ওঝার (বৈদ্য) কাছে নিয়ে যান। সেখানে অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন