আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ‘মিছিল’, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঈশ্বরদীর দাশুড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকেলে দাশুড়িয়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের নির্দেশনায় প্রতিবাদ মিছিলটি দাশুড়িয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ এবং দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।

বক্তারা বলেন, দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সব ধরনের সন্ত্রাস ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। আওয়ামী লীগের নামে ঝটিকা বা গুপ্ত মিছিল বের করে জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা বরদাশত করা হবে না। দাশুড়িয়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবেন বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান মুকুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক ও সাইফুল ইসলাম পণ্ডিত, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিকী, সদস্যসচিব বিপুল মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাকিবুল ইসলাম লাকিসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন