ঈশ্বরদীতে ক্রেতা সেজে জুয়েলার্সে দুই ভরি স্বর্ণের মালা চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ক্রেতার সেজে জুয়েলার্সের দোকানে ঢুকে দুই ভরি ওজনের দুটি স্বর্ণের মালা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সোয়া আটটার দিকে পৌর শহরের চাঁদ আলী মোড় এলাকার মাসুদ জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে।

দোকানের মালিক ও স্বর্ণ ব্যবসায়ী মাহসি ইয়াতিকুর রহমান মাসুদ জানান, আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবক মুখে মাস্ক পরা অবস্থায় দোকানে প্রবেশ করে। সে স্বর্ণের মালা কেনার কথা বলে বিভিন্ন গহনা দেখতে চায়। একপর্যায়ে তাকে দুটি স্বর্ণের মালা দেখানো হয়।

মালা দুটি হাতে পাওয়ার পরেই যুবকটি হঠাৎ দোকান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে কিছুটা দূরে গিয়ে অন্ধকারের সুযোগ নিয়ে সে উধাও হয়। আশপাশে খোঁজাখুঁজি করেও তাঁকে আটক করা সম্ভব হয়নি।

দোকানমালিক জানান, চুরি হওয়া মালা দুটির প্রতিটির ওজন এক ভরি করে। অর্থাৎ মোট দুই ভরি স্বর্ণের গহনা নিয়ে যাওয়া হয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক সাড়ে চার লাখ টাকা। যুবকটির মুখে মাস্ক থাকায় দোকানের সিসিটিভি ক্যামেরায় তাঁর মুখ স্পষ্ট বোঝা যায়নি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনা করে ওই যুবককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন