নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
শুক্রবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগরে উপজেলা, কলেজ ও পৌর ছাত্রদলের নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিল করেন। উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন হোসেনের নেতৃত্বে মিছিলটি জয়নগর বোর্ডঘর থেকে শুরু হয়ে শিমুলতলা বাজারে গিয়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদল নেতা আল-আমিন হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সোহাগ, পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ওমর শরীফ হানিফ মহলদার এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য ওবাইদুল কাদিম শিশির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র করছে। দলীয় মুখোশ পাল্টে ছাত্রদলের ছদ্মবেশ ধারণ করে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, সেদিকে নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করতে দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তাঁরা।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার সকালে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময় তাঁর ফেসবুকে একটি ঝটিকা মিছিলের ভিডিও পোস্ট করেন। পুলিশের ধারণা, গত ৫ সেপ্টেম্বর উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী এলাকায় মল্লিক মিলন মাহমুদ তন্ময়ের নেতৃত্বে ওই মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

