ঈশ্বরদীতে কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও পথসভা করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা।

রোববার সন্ধ্যায় উপজেলার দাশুড়িয়া গোলচত্বর এলাকায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি দাশুড়িয়া গোলচত্বর ও বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে মিছিলে অংশ নেন।

পরে আয়োজিত পথসভায় বক্তারা আশা প্রকাশ করে বলেন, নতুন এ নেতৃত্বের মাধ্যমে ঈশ্বরদীতে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। আগামী দিনের আন্দোলন-সংগ্রামে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবেন।

এর আগে গত ১৬ আগস্ট পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে জিয়াউল ইসলাম সন্টু সরদারকে উপজেলা বিএনপির আহ্বায়ক ও মো. শরিফুল ইসলাম তুহিনকে সদস্যসচিব করা হয়েছে। অন্যদিকে মাহাবুবুর রহমান পলাশকে পৌর বিএনপির আহ্বায়ক ও ইমরুল কায়েস সুমনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন