![]() |
| বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র, পৌর বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মখলেসুর রহমান বাবলু পাবনা জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং স্থানীয় নেতা-কর্মীদের সব সময় অনুপ্রাণিত করেছেন।’
শোকবার্তায় তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে মকলেছুর রহমান বাবলুর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার দুপুরে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে বেলা ১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

