নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী পৌর এলাকায় তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার আপন খালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার দক্ষিণ নারিচা বকুলের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রানা (৪০)। তিনি ওই এলাকার বাবুর আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর মা ঈশ্বরদী ইপিজেডের একটি কারখানায় কর্মরত। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি বড় বোনের বাড়িতে মেয়েকে রেখে কর্মস্থলে যান। বিকেলে শিশুটিকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে তার খালা গোসল করতে গেলে এই সুযোগে রানা তাকে ধর্ষণ করেন। বিকেলে কাজ থেকে ফিরে বিস্তারিত জানার পর শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেন।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মায়ের মামলার পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

