নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডে ‘৫ মে গণহত্যা দিবস’ পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী মিলটি ঘেরাও করে তৎকালীন প্রশাসকসহ ৪২ জন কর্মকর্তা-কর্মচারী ও শতাধিক সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে।
মঙ্গলবার সকালে মিল চত্বরে অবস্থিত ঐতিহাসিক ‘শহীদ সাগর’ চত্বরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনের নির্মম হত্যাযজ্ঞ দেশের ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। শহীদদের আত্মত্যাগ জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পর গণসমাধির নীরব সাক্ষী সেই পুকুরটির নাম রাখা হয় ‘শহীদ সাগর’। এ ছাড়া শহীদ তৎকালীন প্রশাসক লেফটেন্যান্ট আনোয়ারুল আজিমের নামানুসারে গোপালপুর রেলস্টেশনের নামকরণ করা হয় ‘আজিমনগর’।
বিভাগীয় কর্মকর্তা ও মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম মোলাম, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু।
এ সময় শহীদ পরিবারের সদস্য ফরহাদ-উজ-জামান রুবেলসহ মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

