নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সড়কের নিরাপত্তা নিশ্চিত ও ক্রমবর্ধমান দুর্ঘটনা রোধে যানবাহন চালকদের নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ এপ্রিল শনিবার বিকেলে শহরের স্কুলপাড়া ঈদগাহ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সম্প্রতি ঈশ্বরদী-লালপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় স্থানীয় সামাজিক সংগঠন ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। প্রধান বক্তার বক্তব্যে ঈশ্বরদী ট্রাফিক সার্কেলের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুদ চালকদের ট্রাফিক আইন ও নিরাপদ ড্রাইভিং সংক্রান্ত বিভিন্ন কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন।
স্কুলপাড়া জামে মসজিদের পেশ ইমাম ওমর ফারুকের সভাপতিত্বে এবং সামাজিক সংগঠন ‘মানাব’-এর ঈশ্বরদী শাখার সভাপতি মাসুম পারভেজ কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঈশ্বরদী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল হক মুকুল, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল আলীম খান, সাংবাদিক সেলিম সরদার, রিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি মো. দুখু মিয়া এবং সংবাদকর্মী মিথুন মাহবুব খান।
বক্তারা বলেন, সড়কে বিশৃঙ্খলা ও নিয়ম না মানার প্রবণতার কারণে ঈশ্বরদীতে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। বিশেষ করে চালকদের বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্য করার মানসিকতা এর অন্যতম প্রধান কারণ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে শুধু প্রশাসনের অভিযানই যথেষ্ট নয়, বরং চালকদের দায়িত্বশীল আচরণ ও সাধারণ মানুষের সচেতনতাও জরুরি।

