নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ইটভাটার জন্য কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান সরকার। তার সঙ্গে ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার ও ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান। প্রশাসনের কর্মকর্তারা জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধ করতে এই ‘রাত্রিকালীন অভিযান’ চালানো হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বিচারে মাটি কাটার ফলে উর্বর ফসলি জমি নষ্ট হচ্ছে এবং জমির দীর্ঘমেয়াদী উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। এটি স্থানীয় পরিবেশের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে। এসব অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ও অভিযান আরও জোরদার করা হবে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, যারা আইন অমান্য করে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি এ ধরনের কর্মকাণ্ড রুখতে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার এবং তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।

