পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির নেতা মাহবুবুর রহমান পলাশ। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. শামসুন্নাহার ভূইয়া মনোনয়ন ফরম হস্তান্তর করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীনসহ দলীয় নেতারা।

উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পাবনা-৪ আসনে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন ফরম সংগ্রহের তথ্য নথিভুক্ত হয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের মাহবুবুর রহমান পলাশ বলেন, ‘আমরা বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। ইনশাআল্লাহ, জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’

তিনি আরও বলেন, ‘বিগত নির্বাচনগুলোতে বিএনপির ভোট চুরি করার প্রয়োজন হয়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জনগণের রায় নিয়েই রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা আশা করি, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে। সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।’

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন