আট দফা দাবিতে ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরীক্ষা বর্জন, ভবনে তালা

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে বোর্ড সমাপনী পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন। এ সময় তারা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। বুধবার সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, ইনস্টিটিউটের প্রশাসনিক ও একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলছে। একাডেমিক-২ ভবন ও সম্মেলন ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ‘কৃষির সৈনিক এক হও’, ‘খামারবাড়ির সিন্ডিকেট ভেঙে দাও’, ‘উচ্চ শিক্ষার অধিকার দিতে হবে’—এমন নানা স্লোগানে পুরো ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে।

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে অধ্যক্ষসহ শিক্ষক ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। তাঁরা ক্যাম্পাসের পাশের একটি ভবনের সামনে অবস্থান নেন।

ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী বায়োজিদ হাসান বলেন, আজ দ্বিতীয় সেমিস্টারের ইংরেজি দ্বিতীয় পত্র এবং ষষ্ঠ সেমিস্টারের জৈব কৃষি বিষয়ের সমাপনী পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টার দিকে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। এরপর তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

একই সেমিস্টারের আরেক শিক্ষার্থী শিপন সরকার বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেটভুক্ত করা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সংকট দূরসহ আট দফা দাবিতে আগেও আন্দোলন করা হয়েছিল। তখন কৃষি উপদেষ্টা আশ্বাস দিলেও এখনো কোনো বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, ‘আমরা আর আশ্বাসে থাকতে চাই না। দাবিগুলো প্রজ্ঞাপন আকারে না দেওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলবে।’

ইনস্টিটিউটের অধ্যক্ষ মতলেবুর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন না করে পরীক্ষায় অংশ নিতে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। তবে শিক্ষার্থীরা তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন। প্রশাসনিক ভবনে তালা দেওয়ায় শিক্ষক ও কর্মচারীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন