পিআর পদ্ধতির নির্বাচন জনগণ চায় না: হাবিবুর রহমান

নিজস্ব প্রতিবেদন: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, যাদের রাজনীতির মাঠে কোনো ভিত্তি নেই, তারাই পিআর পদ্ধতির নির্বাচন চাইছে। দেশের সাধারণ মানুষ এই প্রক্রিয়া চায় না। তারা চায় প্রচলিত ধারায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। জনগণ যেন নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেটিই সবার প্রত্যাশা।

শনিবার ঈশ্বরদীর রূপপুর বিবিসি বাজারে পাকশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাবিবুর রহমান বলেন, 'একদল বলছে গণভোট না হলে নির্বাচনে যাবে না, আরেকদল বলছে পিআর ছাড়া যাবে না। অথচ তারাই আবার সব আসনে প্রার্থী ঘোষণা করেছে, মসজিদে মসজিদে প্রচারণা চালাচ্ছে। ঘরে ঘরে গিয়ে বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে নিয়ে যাবে। জামায়াত আসলে প্রতারণা আর ভণ্ডামির রাজনীতি করে।' 

সভায় সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজন, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক এনামুল হক, পাবনা জেলা ছাত্র দলের সহসভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. পাঞ্জু সরদার, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফ, তাঁতি দলের আহ্বায়ক নাফিজ আহমেদ আরিফ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছবি মণ্ডল, উপজেলা জাসাসের সভাপতি নূর মোহাম্মদ বিশ্বাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

সভায় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন