ঈশ্বরদীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। শনিবার  সকালে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে একটি বর্ণাঢ্য জশনে জুলুস শোভাযাত্রা বের করা হয়।

সকাল ৮টায় লোকো ফুটবল মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বেনারসি পল্লী, লোকো রোড, চাঁদ আলী মোড়, কলেজ রোড ও আলোবাগ মোড় ঘুরে ঈশ্বরদী বাসস্ট্যান্ডে গিয়ে সমবেত হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঈশ্বরদী শাখার সভাপতি মোহাম্মদ আবুল খায়ের রিজভী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।

শোভাযাত্রা ও সভায় শত শত ধর্মপ্রাণ মানুষ, আলেম-ওলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। তারা হাতে সবুজ পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ইসলাম ও শান্তির বাণী প্রচার করেন। 

বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর আদর্শে চললেই সমাজে শান্তি, ন্যায় ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব।

শেষে বিশেষ দোয়া মাহফিলে দেশ-জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্বশান্তি কামনা করা হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন