নিজস্ব প্রতিবেদন: গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ঈশ্বরদীতে প্রস্তুতি সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো। শুক্রবার সন্ধ্যায় উপজেলা সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল।
বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহ্বায়ক সাগর হোসেন রনি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরোক সরদার ও মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, মহিলা দল নেত্রী শামীমা আক্তার সাথী, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আনসা আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, 'স্বৈরাচারী সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গত বছরের জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালায়। প্রাণ হারান বহু সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা। কিছু পুলিশ সদস্য প্রকাশ্যে গুলি চালিয়ে উল্লাসে মেতে ওঠেন, যা ছিল গণতান্ত্রিক আন্দোলনের ওপর নিষ্ঠুর আঘাত।'
সভায় জানানো হয়, আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসের এক বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। ওই দিন সকালে রেলগেট এলাকায় বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকেলে আয়োজন থাকবে আনন্দ মিছিল ও দোয়া মাহফিলের।

