নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং তিন চোর গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গত ২২ জানুয়ারি ঈশ্বরদী কোবা মসজিদের পাশে নামাজ পড়তে গিয়ে রাজু আহমেদের ১৫০ সিসির একটি হোন্ডা সিবি হরনেট মোটরসাইকেল চুরি হয়। পরে ঈশ্বরদী থানায় মামলা হলে তদন্তে নামে পুলিশ। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় দাশুরিয়া সোনালী ব্যাংকের সামনে থেকে প্রথমে ইমন আলী (১৫) নামে এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে দেবিপুরের একটি ঝোপ থেকে হোন্ডা হরনেট এবং একটি লাল রঙের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে বভাংগুরা থানার বেতবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয় চক্রের আরেক সদস্য সামীমকে (২৮)। তার দেখানো জায়গা থেকে তেতুলতলা এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে নীল রঙের আরেকটি অ্যাপাচি আরটিআর উদ্ধার করা হয়। পরে আজমপুর থেকে গ্রেপ্তার করা হয় চক্রের আরও এক সদস্য জাহিদুল ইসলামকে (৪১)। পর্যায়ক্রমে আজমপুর থেকে আটক করা হয় চক্রের আরেক সদস্য জাহিদুল ইসলামকে (৪১)।
ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম জানান, এই তিনজন আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত এক মাসে মোট ১২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং মোট ১০ জন চোরচক্রের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

