নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে রঙিন আনন্দ শোভাযাত্রায় নতুন বছর ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুবীর কুমার দাশ। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদত হোসেন খান, প্রকৌশলী এনামুল হক, কৃষি কর্মকর্তা মিতা সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।
শোভাযাত্রায় আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পিএনও জহুরুল হক, প্রেস ক্লাব সভাপতি আজিজুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান প্রমুখ।
‘এসো হে বৈশাখ, এসো এসো’ স্লোগান নিয়ে বর্ণিল এই শোভাযাত্রা উপজেলা সড়ক, ঈশ্বরদী-পাবনা সড়ক হয়ে আলহাজ মোড় ঘুরে শেষ হয় জেলা পরিষদ ডাকবাংলো মাঠে।
শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল গ্রামীণ ঐতিহ্যবাহী গরু, মহিষ, ঘোড়ার গাড়ি ও হাতি। অনেকের পরনে ছিল পাঞ্জাবি, গলায় গামছা, হাতে হাতপাখা।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার সহযোগিতায় বর্ষবরণের অন্যান্য আয়োজনে ছিল পান্তা-ইলিশ খাওয়া, আলোচনা সভা, দিনব্যাপী লোকজ বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা পরিষদ ডাকবাংলো মাঠে এ উপলক্ষে নির্মাণ করা হয় মঞ্চ। মেলার জন্য বসানো হয় ২৫টি স্টল, যেখানে উঠে এসেছে বাংলার হরেক রকম ঐতিহ্য।


