ঈশ্বরদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা চুরি যাওয়া ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস উত্তরপাড়ার ইদ্রিস মোল্লার ছেলে মো. রিদয় মোল্লা (২৩), একই জেলার সিংড়া উপজেলার মাহমুদপুর এলাকার সামজাদ ফকিরের ছেলে মো. আরমান ফকির (৩৮) এবং পাবনার বাহাদুরপুর এলাকার আব্দুস সালামের ছেলে মো. রাজিব হোসেন (৩১)।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

উদ্ধার মোটরসাইকেলের মধ্যে রয়েছে একটি ১০০ সিসি বাজাজ ডিসকভার, একটি ১২৫ সিসি বাজাজ ডিসকভার, একটি ১৩৫ সিসি বাজাজ ডিসকভার এবং একটি আরটিআর মোটরসাইকেল। 

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, গত ৯ মার্চ উপজেলার ছলিমপুর ইউনিয়নের জগনাথপুর গ্রামের শান্টু আলী খানের দোকান কর্মচারী বাপ্পি হোসেন উপজেলার মুলাডুলির ফরিদপুর জামে মসজিদের কাছে মোটরসাইকেল নিয়ে তারাবারি নামাজ আদায় করতে যান। সেখান থেকে শান্টু আলী খানের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি চুরির মামলা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে এই ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রমাণের ভিত্তিতে তাদেরকে মোটরসাইকেল চুরির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার তিনজনই আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন