ঈশ্বরদী রেলওয়ে জংশনে কোকেনসহ যুবক গ্রেপ্তার

ঈশ্বরদী রেলওয়ে জংশনে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম কোকেনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে ট্রেনটির 'ছ' নম্বর বগিতে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আসীর ইনতেসার রোজেন (১৯)। তিনি চুয়াডাঙ্গার কোর্টপাড়া এলাকার বাসিন্দা হাসানুজ্জামান ওরফে হাবুর ছেলে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি হাসান বাসির জানান, গোপন সংবাদের ভিত্তিতে চিত্রা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানো হয়। ৫১ নম্বর সিটে বসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। আটক যুবক ঢাকা যাচ্ছিলেন। পরে তাকে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানায় হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি জিয়াউর রহমান জানান, পাবনা জেলা গোয়েন্দা পুলিশের দায়ের করা মামলার পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে রোজেনকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন