
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলার মিলকি দিয়েড়া গ্রামের ১০ বছরের শিশু ওমর ফারুক তানিম বাবা-মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। তার বাবা আল-আমিন অন্য জায়গায় নতুন সংসার গড়েছেন, আর মা কাকলী বেগম দ্বিতীয় স্বামীর সঙ্গে সৌদি আরবে থাকেন। তানিম বড় হচ্ছে তার নানা জয়নাল আবেদীনের কাছে।
জানা গেছে, সপ্তাহখানেক আগে বাড়ির আঙিনায় সজনে গাছের ডাল ভেঙে ফেলায় নানীর বকা খেয়ে ভয় পেয়ে সে বাড়ি ছেড়ে চলে যায়। খুলনা থেকে ট্রেনে উঠে ঈশ্বরদীতে চলে আসে। এক ব্যক্তি স্টেশনে তাকে কান্না করতে দেখে বাড়িতে নিয়ে যান। কয়েকদিন পর বিষয়টি থানায় জানান তিনি।
ঈশ্বরদী থানার ওসি শহীদুল ইসলাম জানান, ২৫ ফেব্রুয়ারি তানিম বাড়ি থেকে পালিয়ে ঈশ্বরদী আসে। সে বাবা-মা, নানী ও খালুর নাম বলতে পারলেও কোনো ফোন নম্বর জানত না। পরে তার ছবি রূপসা থানায় পাঠানো হয়। সেখানে পুলিশ গ্রামের লোকজনের সাহায্যে তার পরিবারের খোঁজ পায়। দুই দিনের চেষ্টায় পুলিশ তানিমকে তার নানা-নানীর কাছে ফিরিয়ে দেয়। বুধবার বিকেলে ঈশ্বরদী থানায় তার নানার হাতে তাকে তুলে দেওয়া হয়।
তিনি আরও বলেন, 'শিশুটি বাবা-মায়ের আদর থেকে বঞ্চিত। তাকে তার নানার কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা খুশি। শুধু অপরাধ দমন নয়, মানবিক কাজেও পুলিশ সবসময় এগিয়ে আসে।'
নানা জয়নাল আবেদীন বলেন, 'আমার নাতিকে হারিয়ে খুব কষ্ট পেয়েছিলাম। অনেক খোঁজাখুঁজি করেও পাইনি। অবশেষে ওসি সাহেবের ফোনে জানতে পারলাম ওকে পাওয়া গেছে। আজ বাড়ি নিয়ে যেতে পেরে খুব খুশি লাগছে।'।
