পাবনায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক: পাবনায় “মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন এবং লক্ষ্যমাত্রা অর্জন কৌশল নির্ধারণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বুধবার পাবনা জেলা পরিষদের রশিদ হলে পাবনা প্রতিশ্রুতির আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন। তিনি বলেন, “পিকেএসএফ মানুষকে ঋণ দিয়ে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণে উৎসাহিত করেছে। আগে যেখানে মানুষ ঘরের মধ্যে শৌচাগারের কথা চিন্তাও করত না, এখন তারা সেটি প্রথমেই খোঁজে।” তিনি আরও যোগ করেন, “স্বাস্থ্যসম্মত শৌচাগার বলতে শুধু শৌচাগারই নয়, পর্যাপ্ত পানির ব্যবস্থাও থাকা জরুরি। সুস্থ থাকতে নিরাপদ পানি ও স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

সভায় সভাপতিত্ব করেন পাবনা প্রতিশ্রুতির নির্বাহী পরিচালক খন্দকার খালেদ হাসান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "আত্মবিশ্বাস" এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আকরামুল হক বিশ্বাস। এছাড়াও ওসাকার নির্বাহী পরিচালক কবি ও প্রাবন্ধিক মজিদ মাহমুদ, নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এবং পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

বক্তারা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি উন্নয়নের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় হয়।

কর্মশালায় পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক হুমায়ন আজম, ব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন, নিউ এরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, ওসাকার জ্যেষ্ঠ পরিচালক মোঃ মাজাহারুল ইসলাম, পরিচালক মোঃ সাইফুল ইসলাম, পাবনা প্রতিশ্রুতির পরিচালক (অর্থ) আব্দুল ওয়াদুদ, পরিচালক (কার্যক্রম) খোন্দকার বোরহানুর হাসান এবং আত্মবিশ্বাসের পরিচালক রফিকুল হাসানসহ পিকেএসএফ-এর সহযোগী ৮টি সংস্থার ৫৫ জন শাখা ব্যবস্থাপক, এলাকা ও আঞ্চলিক ব্যবস্থাপক এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অংশগ্রহণ করেন।

কর্মশালায় “মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি” বিষয়ক একটি ভিডিও চিত্রও উপস্থাপন করা হয়। কর্মশালাটি সঞ্চালনা করেন পাবনা প্রতিশ্রুতির পরিচালক মো. মনির হোসেন।

এই কর্মশালার মাধ্যমে গ্রামীণ জনপদে পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নের মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে নতুন কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন