নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত মাহাবুবুর রহমান পলাশ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
আজ বুধবার দুপুরে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে মুক্তি পান।
তার মুক্তির খবরে ঈশ্বরদী বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী গাড়িবহর নিয়ে কারাগারের সামনে হাজির হন। ফুলের মালা পরিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এসময় একই মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত থেকে খালাস পাওয়া ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন এবং তার মেয়ে তাসনিম মাহাবুব প্রাপ্তি উপস্থিত ছিলেন।
কারামুক্ত হয়ে মাহাবুবুর রহমান পলাশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘তারেক রহমানের নির্দেশনায় ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট জামিল আখতার এলাহীসহ আইনজীবী প্যানেল অক্লান্ত পরিশ্রম করেছেন, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
ঈশ্বরদী বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ত্যাগের বিনিময়ে আজ আমি মুক্তি পেলাম।’
তিনি আরও বলেন, ‘দলের নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমাদের সুযোগ্য নেতা তারেক রহমান প্রথম থেকেই এই মামলার দায়িত্ব নিয়ে দেখভাল করেছেন, তাই আমাদের উচিত তার নির্দেশনা মেনে চলা।’
ফাঁসির দণ্ড থেকে খালাস পাওয়া পলাশ কারামুক্ত
এই সময়ে
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

