নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা নেফাউর রহমান রাজু (৫২) আর নেই।
শনিবার ভোরে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রাজু রাজনৈতিক জীবনে সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান, ঈশ্বরদী সরকারি কলেজের ভিপি এবং বিএনপির উপজেলা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাহাপুর এলাকার প্রয়াত মাহফুজুর রহমান মাফুর ছেলে।
তিনি শেখ হাসিনার ট্রেনে হামলা মামলার আসামি ছিলেন এবং ওই মামলায় কয়েকবার কারাবাস করেন। কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর জামিনে মুক্তি পান এবং পরে চিকিৎসাধীন ছিলেন।
শনিবার বাদ আসর সাহাপুর আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলটির জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

