ট্রেনে অগ্নিসংযোগে চার ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা

নাশকতার আগুনে নিহত নাদিরা আক্তার পপি ও তার শিশু সন্তান ইয়াসিন এবং পুড়ে যাওয়া ট্রেন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সবশেষ হরতালের দিন মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তদের ট্রেনে আগুন দেওয়ায় চারজনের মৃত্যুর ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মঙ্গলবার রাতে মামলাটি করা হয়।

নাশকতার আগুনে পুড়ে মারা যান- নাদিরা আক্তার পপি (৩৫), তার ৩ বছর বয়সি ছেলে ইয়াসিন, রশিদ ঢালী (৬০) ও খোকন মিয়া (৩৫)।

বুধবার সন্ধ্যায় ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস দৈনিক বাংলাকে বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক খালেদ মোশারফ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মঙ্গলবার রাতে মামলা করেন। ট্রেনে আগুন দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তবে ট্রেনে আগুন দেওয়ার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।

প্রসঙ্গত, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সোমবার রাত ১১টার দিকে ছেড়ে আসে যাত্রীবাহী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। বিমানবন্দর স্টেশন ছেড়ে আসার পর ট্রেনটিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে নাশকতাকারীরা বনানী এলাকায় আগুন ধরিয়ে দেয়। ট্রেন তেজগাঁও স্টেশনে এসে থামে। ততক্ষণে ট্রেনের তিনটি বগি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় ‘জ’ বগিতে থাকা নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন