আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা: সিইসি

নিজস্ব প্রতিবেদক: কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সিইসি বলেন, ‘কোথাও যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে যেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা গ্রহণ করে, সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আপনারা আশ্বাস রাখুন, নির্বাচন সুন্দর হবে।’

হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, সেটা এই মুহূর্তে বলা যাবে না; কিন্তু নির্বাচন কমিশন, প্রার্থী- সবাই মিলে প্রতিদ্বন্দ্বিতার অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।’ সাংবাদিকদের ভূমিকা নিয়ে সিইসি বলেন, ‘সবার প্রয়াসে নির্বাচন সুষ্ঠু হবে। আপনারাও (সাংবাদিকরা) কিন্তু স্বচ্ছতার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকেন। আপনাদের, আমাদের, প্রার্থীদের এবং ভোটারদের চেষ্টায় নির্বাচনটা সফল হবেই। সভায় আমরা সবাই এ আশাবাদ ব্যক্ত করেছি।’

সিইসি বলেন, ‘মতবিনিময় সভায় প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। তারা আন্তরিক। কিছু সমস্যার কথা এসেছে। আমরা শুনেছি স্থানীয় প্রশাসন কথা বলেছে। সেই সমস্যাগুলো কীভাবে নিরসন করা যায়, সেই গাইডলাইন আমরা দিয়েছি। আশা করি, ওনারা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা তারা আন্তরিকভাবে চেষ্টা করবেন।’ ওই সময় নির্বাচন কমিশনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৫ সংবাদ সাতদিন