সাহাপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাহাপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই মাদ্রাসাছাত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদন: ঈশ্বরদীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া মো. হোসাইন প্রামানিক (১৩) নামের এক কিশোরকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ঈশ্বরদী বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হোসাইন প্রামানিক উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকার বাসিন্দা এবং স্থানীয় সাহাপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় হোসাইন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরদিন শনিবার সকালে তার বাবা মো. রিয়াজ প্রাং ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডি নথিভুক্ত হওয়ার পর ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমানের নির্দেশনায় মাঠে নামে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে বিভিন্ন স্থানে অভিযানের একপর্যায়ে শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী বাজার এলাকা থেকে ওই কিশোরের সন্ধান পাওয়া যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি মো. আসাদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিশোরের সন্ধানে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া সম্ভব হয়েছে।

ঈশ্বরদীতে মাদ্রাসাছাত্র নিখোঁজ, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে বাড়ি থেকে বের হয়ে মো. হোসাইন প্রামানিক (১৩) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শনিবার নিখোঁজের বাবা মো. রিয়াজ প্রাং বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ হোসাইন প্রামানিক উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকার বাসিন্দা এবং সাহাপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলের দিকে হোসাইন মাদ্রাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর ফেরেনি। পরে আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, নিখোঁজ কিশোরের সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে কোনো তথ্য পেলে থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন