সনাতন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সনাতন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ঈশ্বরদীতে সম্প্রীতির মিলনমেলায় জগন্নাথদেবের রথযাত্রা

নিজস্ব প্রতিবেদন: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মতো ঈশ্বরদীতেও পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা।

আজ বৃহস্পতিবার  বিকেলে ঈশ্বরদী শহরের কর্মকারপাড়া মাতৃমন্দির ও হরিজন কলোনি মন্দিরের উদ্যোগে ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রথ টানার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এ উপলক্ষে শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

হাজারো ভক্তের উপস্থিতিতে রথযাত্রা শুরু হয়। ঈশ্বরদীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ এ ধর্মীয় আয়োজনে অংশ নেন। তাঁরা রথ টেনে শান্তি, সম্প্রীতি, সুখ-সমৃদ্ধি ও বিশ্বমানবের কল্যাণ কামনা করেন।

রথযাত্রাকে ঘিরে কর্মকারপাড়া মাতৃমন্দির প্রাঙ্গণ নানা ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছিল আনন্দঘন পরিবেশ।

আয়োজকেরা জানান, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে নয় দিনব্যাপী এ ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব শেষ হবে।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন