![]() |
| প্রতিকি ছবি |
নিজস্ব প্রতিবেদক: ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে তাসনিয়া লামিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার মুলাডুলি আখফার্ম সংলগ্ন দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত লামিয়া উপজেলার মুলাডুলি শেখপাড়ার সুমন আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী জানান, যাত্রী নিয়ে মোটরচালিত ভ্যানটি মুলাডুলি বাজার থেকে দাশুড়িয়ায় যাওয়ার সময় আখফার্ম এলাকায় অপরদিক থেকে আসা প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা মা সাথী খাতুনের কোল থেকে ছিটকে পড়ে তাসনিয়া ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় ভ্যানচালকসহ আর দুইজন আহত হন। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ শিশুর লাশ উদ্ধার করে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যান্নাল জানান, ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার ও ভ্যান জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

