![]() |
| প্রতীকী ছবি |
নিজস্ব প্রতিবেদক: ফাঁকা রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বসেন। রাস্তার পাশে থামিয়ে রাখা ট্রাকের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই মারা যান সজীব হোসেন তালুকদার (৩২) নামে এক যুবক ।
শুক্রবার রাতে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর চিনির মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব উপজেলার মুলাডুলি ইউনিয়নের ইসমাইল তালুকদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে সজিব মোটরসাইকেলে চালিয়ে দাশুড়িয়া থেকে পাবনা শহরের দিকে আসছিলেন। উপজেলার কালিকাপুর চিনির মিল সড়কের পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশে থামিয়ে রাখা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে ময়নাতদন্তের পর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা হবে না।

