বৃক্ষমেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বৃক্ষমেলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: যতবার দেশ বিপথগামী ও গণতন্ত্র ভুল পথে পরিচালিত হয়েছে, ততবারই বিএনপিকে তা থেকে উত্তোলনের দায়িত্ব দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, বিগত ১৭-১৮ বছরের জমে থাকা সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার রাতে ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নে ছয় দিনব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় পরিবার। দলে মতভেদ থাকতে পারে, তবে এখন সব ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার সময়। যাঁরা কোনো কারণে দল থেকে বিচ্যুত হয়েছেন, তাঁদেরও দল সুসংগঠিত করার কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের অনেক কাজ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, খুব শিগগিরই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। এ ছাড়া দেশের মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

বিদ্যুৎ, গ্যাস ও তেলের সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এসব সংকটের কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে; এজন্য সরকারের পক্ষ থেকে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তবে ভবিষ্যতে যেন জ্বালানি ও বিদ্যুতের জন্য অন্যের ওপর নির্ভর করতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, যাঁরা সরকারকে ভোট দিয়েছেন, তাঁদের পাশাপাশি যাঁরা ভোট দেননি, তাঁদের জন্যও কাজ করা হবে। কারণ, সরকার পুরো দেশের মানুষের।

অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ ও সদস্যসচিব ইমরুল কায়েস সুমনসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বত্ব © ২০২৬ সংবাদ সাতদিন